logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৬ নভেম্বর ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দুই শটগান ও গুলিসহ সীমান্তে ১৯ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ নভেম্বর ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ নভেম্বর ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন
দুই শটগান ও গুলিসহ সীমান্তে ১৯ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

সিলেট : সিলেট সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় একনালা ও দুইনালা শটগান, গুলি, মাদকদ্রব্যসহ আনুমানিক ১৯ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি চৌকস অপারেশন দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতাপপুর সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় একনালা শটগান, একটি দুইনালা শটগান, পাঁচ রাউন্ড গুলি এবং ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


এ ছাড়া সীমান্তবর্তী অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ টাকা।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায়। বিজিবি জানায়, জব্দ করা মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী পাঁচটি উপজেলার ৮১ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মানব ও নারী-শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ, অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ, পর্যটকদের নিরাপত্তা এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছে ৪৮ বিজিবি।


বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সর্বশেষ এ অভিযান পরিচালিত হয়।


বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন মাসে সিলেট ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ সর্বমোট ৪১ কোটি ২ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়েছে। এ ছাড়া চলতি বছরে ছয়টি এয়ার রাইফেল, তিনটি শটগান এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।


সিলেট সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ৪৮ বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18663
Page of