logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ০৫ নভেম্বর ২০২৬ ০১:৫৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মৌলভীবাজারে মহিষ ডাকাতি: ডাকাত সর্দার জুমনসহ গ্রেপ্তার ৫, উদ্ধার পিকআপ

চ্যানেল জৈন্তা নিউজ ০৫ নভেম্বর ২০২৬ ০১:৫৮ পূর্বাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ০৫ নভেম্বর ২০২৬ ০১:৫৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারে মহিষ ডাকাতি: ডাকাত সর্দার জুমনসহ গ্রেপ্তার ৫, উদ্ধার পিকআপ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় চারটি মহিষসহ পিকআপ ডাকাতির ঘটনায় ডাকাত দলের সর্দার জুমন মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতি হওয়া পিকআপটিও উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে করে আসা একদল ডাকাত পুলিশের পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চারটি মহিষসহ একটি পিকআপ নিয়ে যায়। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।


ঘটনার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতি হওয়া খালি পিকআপটি উদ্ধার করে। পরবর্তী সময়ে গত ১ নভেম্বর বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার জুমন মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার অন্য চারজন হলেন—মেহেদী হাসান মুন্না, নজরুল ইসলাম, রাহেল মিয়া ও সম্রাট মিয়া।


পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে রাহেল মিয়া ও সম্রাট মিয়া বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে সদর মডেল থানার এসআই রিপটন পুরকায়স্থ, এসআই আশরাফুল আলম চৌধুরী, এসআই জয়ন্ত সরকার, এসআই আবু সাঈদ মোহাম্মদ তৌহিদ ও এএসআই রানা মিয়াসহ পুলিশের একটি দল অংশ নেয়।


পুলিশ জানিয়েছে, ডাকাত দলের পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18632
Page of