logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০১ নভেম্বর ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ধর্মপাশায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৪ দিন ধরে কিশোরীর অবস্থান, এলাকায় চাঞ্চল্য

চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন
ধর্মপাশায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৪ দিন ধরে কিশোরীর অবস্থান, এলাকায় চাঞ্চল্য

সুনামগঞ্জ :

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ১৪ দিন ধরে অবস্থান করছে এক কিশোরী। উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গাজীনগর গ্রামের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানে স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি।


স্থানীয় সূত্রে জানা যায়, গাজীনগর গ্রামের কৃষক ফুল মিয়ার ছেলে বাপ্পি (২১) নামের এক যুবকের সঙ্গে পাশের গ্রামের ওই কিশোরীর প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। বিষয়টি দুই পরিবার ও স্থানীয়দের মধ্যে জানাজানি হলে কিশোরীর পরিবার তাকে নিয়ে ঢাকায় চলে যায়। তবে এরপরও তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়।


এরই মধ্যে বাপ্পির অন্যত্র বিয়ের কথাবার্তা চলছে—এমন খবর পেয়ে গত ১৮ অক্টোবর রোববার বিকেলে বিয়ের দাবিতে বাপ্পির বাড়িতে গিয়ে অবস্থান নেয় ওই কিশোরী। এরপর থেকে টানা ১৪ দিন ধরে সে ওই বাড়িতে অবস্থান করছে।


এদিকে বিষয়টি সমাধানে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কয়েক দফা বৈঠক করেছেন। তবে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিরা বৈঠকে উপস্থিত না থাকায় আলোচনা এগোয়নি। এ ঘটনায় থানা-পুলিশের সহযোগিতা চাওয়া হলেও এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।


ওই কিশোরীর দাবি, বাপ্পির সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে, যা এলাকার অনেকেই জানেন। তাঁর কথায় বিশ্বাস করে সবকিছু ছেড়ে তিনি সেখানে এসেছেন। এখন বাপ্পি তাঁকে গ্রহণ না করলে তাঁর সামনে বেঁচে থাকার কোনো পথ থাকবে না বলেও জানান তিনি।


অন্যদিকে, বাপ্পির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর পরিবারের দাবি, সামাজিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে ওই কিশোরী এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তাঁরা থানায় অভিযোগ করেছেন।


এ বিষয়ে মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি নজরে আসার পর থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। সংশ্লিষ্টদের মতে, কিশোরীর নিরাপত্তা, বয়স ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18482
Page of