logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩০ অক্টোবর ২০২৬ ০১:২৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি; শহীদ মিনারে জড়ো হবেন সিলেটের সাংবাদিকরা

সিলেটে দুই সাংবাদিকের ওপর হামলা: শনিবার ঐক্যবদ্ধ সমাবেশ, স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ০১:২৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ অক্টোবর ২০২৬ ০১:২৭ পূর্বাহ্ন
সিলেটে দুই সাংবাদিকের ওপর হামলা: শনিবার ঐক্যবদ্ধ সমাবেশ, স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি

সিলেট :

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা করেছেন সিলেটে কর্মরত সাংবাদিকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।


সমাবেশ শেষে হামলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। একই সঙ্গে সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিক নেতারা।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।


এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় ইন্টার্ন চিকিৎসক ও এক রোগীর স্বজনদের মধ্যে বিরোধের ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে।


আহত দুই সাংবাদিক হলেন—দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের সাংবাদিক নিবেন্দু তালুকদার। বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হামলায় তাঁরা আহত হন এবং চিকিৎসা নিতে হয়।


ঘটনার পর সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বুধবার গভীর রাতেও নগরের চৌহাট্টা এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। 


যৌথ সভায় সাংবাদিক নেতারা মনে করেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।


তাঁদের মতে, কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংবাদ সংগ্রহের স্বাধীন পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সভায় সিদ্ধান্ত হয়, শনিবারের সমাবেশে হামলার প্রতিবাদ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলে ধরা হবে। পরে স্বাস্থ্যমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে। সমাবেশ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।


যৌথ সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী।


এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেটভিউ২৪ ডটকমের সম্পাদক শাহ দিদার আলম নবেল এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম মিশু।


সমাবেশ সফল করতে সিলেটের সব সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18412
Page of