logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৩ অক্টোবর ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

চিকনাগুলে মসদ্দর আলীকে চেয়ারম্যান পদে দেখতে চান যুবসমাজ, বিএনপির মনোনয়ন দাবি

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ অক্টোবর ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ অক্টোবর ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
চিকনাগুলে মসদ্দর আলীকে চেয়ারম্যান পদে দেখতে চান যুবসমাজ, বিএনপির মনোনয়ন দাবি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মসদ্দর আলীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাঁর রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক ভূমিকা ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় যুবসমাজ, দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।


শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চিকনাগুল ইউনিয়নের শুক্রবারীবাজারে সোনালী ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক সমিতির কার্যালয়ে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি জমির আলী।


সভায় বক্তারা বলেন, চিকনাগুল ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে মসদ্দর আলীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা। তাঁদের দাবি, বিগত পাঁচ বছরে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মসদ্দর আলীর বিকল্প নেই। দলমত-নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি বলেও মন্তব্য করেন বক্তারা।


সভায় উপস্থিত বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা বলেন, বিগত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূল সময়ে মসদ্দর আলী রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি বলে দাবি করেন তাঁরা।


বক্তারা আরও বলেন, বিগত জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে চিকনাগুল মাদ্রাসা কেন্দ্র এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের বিজয়ে মসদ্দর আলীর সক্রিয় ভূমিকা ছিল। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, ত্যাগ এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বিবেচনায় নিয়ে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য জৈন্তাপুর উপজেলা ও সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সমর্থনও কামনা করেন সভায় অংশগ্রহণকারীরা।


সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মসদ্দর আলী বলেন, “বিগত দিনে দলের দুঃসময়ে মাঠে থেকেছি এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। আমার অতীত রাজনৈতিক ত্যাগ, সামাজিক কার্যক্রম এবং এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বিবেচনা করে দল আমাকে যথাযথ মূল্যায়ন করবে বলে আমি শতভাগ আশাবাদী।”


মতবিনিময় সভায় স্থানীয় যুবসমাজের প্রতিনিধি, বিএনপির নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মসদ্দর আলীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18321
Page of