logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ অক্টোবর ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মণ্ডপে সিসিটিভি ও বিদ্যুতের নির্দেশ ডিসির

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ অক্টোবর ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ অক্টোবর ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন
সিলেটে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মণ্ডপে সিসিটিভি ও বিদ্যুতের নির্দেশ ডিসির

সিলেট:

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।


বুধবার (৭ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় পূজামণ্ডপে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।


জেলা প্রশাসক বলেন, প্রতিটি পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটি, আনসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব সুনির্দিষ্ট করতে হবে। মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হলে বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে।


তিনি আরও বলেন, পূজামণ্ডপে এমন কোনো কার্যক্রম করা যাবে না, যাতে দর্শনার্থী বা স্থানীয় মানুষের বিরক্তি কিংবা উদ্বেগ সৃষ্টি হয়। বিশেষ করে আতশবাজি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সঠিকভাবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।


গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে জেলা প্রশাসক বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব ছড়ালে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ছবি প্রচারের আগে এর সত্যতা যাচাই করতে হবে। কেউ গুজবের ঘটনায় নিজের হাতে আইন তুলে নেবেন না; এ ধরনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি স্থাপনের পাশাপাশি দায়িত্ব পালনের তথ্য সংরক্ষণের জন্য ডিউটি রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেন তিনি।


জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি উপজেলায় পূজা উদযাপন ও নিরাপত্তা পরিস্থিতি সমন্বয়ের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করতে হবে। প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন সংস্থার সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হবে। প্রয়োজনে বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে উপজেলা পর্যায়ে ভিজিল্যান্স টিম গঠনের বিষয়টিও বিবেচনা করা হবে।


তিনি পূজা উদযাপন কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি বিসর্জনের সময়সূচি যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিলেট মহানগর এলাকায় রাত ৯টার মধ্যে এবং জেলার অন্যান্য এলাকায় সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে হবে।


সভায় সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার, সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জনি কান্ত দেবসহ বিজিবি, এসআরবি, আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18039
Page of