ছাতকে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, ৩০ মণ্ডপে উৎসবের প্রস্তুতি
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং উপজেলার ৩০টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মির্জা কে ই তুহিন, ছাতক পিডিবির উপসহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও ফারুক আহমদ, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন বক্তব্য দেন।
এ ছাড়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিদাস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনি শংকর ভৌমিক, সাধারণ সম্পাদক বাবুল রায়, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রবীন্দ্র কুমার দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক দুলন তরফদারসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং অগ্নিনিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, মেডিকেল অফিসার ডা. তৌফিক শাওন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা দিলীপ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বছর ছাতক উপজেলায় মোট ৩০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ছাতক পৌরসভায় ১২টি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৮টি মণ্ডপ রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিমাশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন এবং পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন বলেন, ছাতকের ৩০টি মণ্ডপে যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।