শান্তিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, শান্তিপূর্ণ উদযাপনে জোর
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া।
এ ছাড়া বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম নিবাশ চন্দ্র দে, উপজেলা পূজা উদযাপন ফোরামের সাধারণ সম্পাদক রনজিৎ সূত্রধর, তেঘরিয়া পঞ্চগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি রিপন তালুকদার, সাধারণ সম্পাদক রিংকন কুমার তালুকদার এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির।
সভায় আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা, অগ্নিনিরাপত্তা ও মণ্ডপভিত্তিক প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের পাশাপাশি মণ্ডপগুলোতে সার্বক্ষণিক সতর্কতা ও তৎপরতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
সভায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান ছালিক, সদস্য দিলীপ কুমার দাশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে। দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।