logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৪ অক্টোবর ২০২৬ ১২:১২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দুর্গাপূজায় জৈন্তাপুরে নিরাপত্তার চাদর, ২০ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ অক্টোবর ২০২৬ ১২:১২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ অক্টোবর ২০২৬ ১২:১২ অপরাহ্ন
দুর্গাপূজায় জৈন্তাপুরে নিরাপত্তার চাদর, ২০ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে জৈন্তাপুর উপজেলার ২০টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রতিটি মণ্ডপে পুলিশের প্রতিনিধি দল দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিদিন বিশেষ টিমের টহল ও নিয়মিত নজরদারি থাকবে। বিসর্জন পর্যন্ত মাঠে থেকে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছে থানা পুলিশ।


আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় জৈন্তাপুর মডেল থানা হলরুমে সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।


সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। সভা পরিচালনা করেন ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীর।


সভায় জানানো হয়, উপজেলার ছয়টি ইউনিয়নের ২০টি পূজামণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে।


সভায় বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা তাদের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন। তারা কয়েকটি মণ্ডপের অচল সিসি ক্যামেরা দ্রুত সচল করা, প্রয়োজন অনুযায়ী নতুন ক্যামেরা স্থাপন এবং পূজার পুরো সময় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ও নিয়মিত টহলের দাবি জানান।


জবাবে ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। জৈন্তাপুরেও এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।


তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে পুলিশের একটি প্রতিনিধি দল থাকবে। পাশাপাশি ছয়টি ইউনিয়নের সব মণ্ডপে প্রতিদিন পুলিশের বিশেষ টিম নিয়মিত টহল দেবে। প্রতিটি মণ্ডপে পুলিশের পক্ষ থেকে রেজিস্টার রাখা হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মণ্ডপ পরিদর্শনের সময় সেখানে স্বাক্ষর করবেন।


কোনো মণ্ডপে সমস্যা, বিশৃঙ্খলা বা সন্দেহজনক কোনো ঘটনা দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান ওসি। তিনি জানান, পূজামণ্ডপগুলোর জন্য হটলাইন নম্বর দেওয়া হবে। হটলাইনে যোগাযোগ সম্ভব না হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহযোগিতা নেওয়া যাবে।


মহাসড়কের পাশে থাকা পূজামণ্ডপগুলোর আশপাশে যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সীমান্তবর্তী মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবকদের বাড়তি সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।


পূজামণ্ডপের আশপাশে অস্থায়ী দোকানপাটের কারণে যাতে দর্শনার্থীদের চলাচলে বিঘ্ন না ঘটে, সেদিকেও নজর রাখার আহ্বান জানানো হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে পরিমিত বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি প্রয়োজন হলে আলোকসজ্জার জন্য পৃথক জেনারেটর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।


প্রতিমা মণ্ডপে নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুলিশকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে পুলিশি নিরাপত্তায় প্রতিমা মণ্ডপে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। বিসর্জন পর্যন্ত পুলিশ মাঠে থেকে নিরাপত্তা নিশ্চিত করবে বলেও আশ্বাস দেন ওসি।


সভায় প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন করে তাদের তালিকা থানায় জমা দেওয়ার জন্য বলা হয়। একই সঙ্গে আজান ও নামাজের সময় সীমিত সময়ের জন্য মাইক, বাদ্যযন্ত্র ও ঢাক-ঢোল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। অচল সিসি ক্যামেরা সচল ও প্রয়োজন অনুযায়ী নতুন ক্যামেরা স্থাপনের ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।


মতবিনিময় সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক প্রদীপ কুমার শর্মা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা সভাপতি শ্রী যাদব চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাশ, জৈন্তাপুর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শঙ্কর দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক রতন দে, সিনিয়র সভাপতি বাদল মণি দত্ত, দুলাল চন্দ্র দেব, প্রণত কান্ত দেব, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতী রানীসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।


সভায় পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপগুলোর নেতৃবৃন্দ জৈন্তাপুর মডেল থানা পুলিশের প্রস্তুতির প্রশংসা করেন এবং পূজার সময় সার্বক্ষণিক তদারকি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। একই সঙ্গে পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ পূজামণ্ডপে আমন্ত্রণ জানান তারা।


সভা শেষে জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18003
Page of