জৈন্তাপুরে সাদপন্থিদের কার্যক্রম নিয়ে আলেম-মুরব্বিদের জরুরি সভা, নেওয়া হলো কয়েকটি সিদ্ধান্ত
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহাসিক বটতলায় সাদপন্থি হিসেবে পরিচিত তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীদের কার্যক্রম নিয়ে উলামায়ে কেরাম, ১৭ পরগণার মুরব্বিয়ান ও তাবলিগি সাথীদের সমন্বয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ২টায় ঐতিহাসিক জৈন্তা ইরাদেবী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উলামায়ে কেরাম, ১৭ পরগণার মুরব্বিয়ান, আলেম সমাজ, তাবলিগি সাথী ও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। সভায় সাদপন্থিদের কার্যক্রমসহ তাবলিগ জামাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির হাফিঃ-এর সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল কুদ্দুস হাফিঃ-এর পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। এতে বক্তব্য দেন শায়খুল হাদীস মুবাশ্বির আলী, মাওলানা আবু হানিফ, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা ওলিউর রহমান ও মাওলানা ফয়জুল ইসলাম।
১৭ পরগণার মুরব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফরিদ উদ্দিন, তাহির আলী, আব্দুর রব, ইউসুফ মেম্বার ও পারভেজ। এ ছাড়া ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামসহ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ও তাবলিগি সাথীরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় উলামায়ে কেরামের তত্ত্বাবধান ছাড়া কোনো তাবলিগ জামাতকে মসজিদে প্রবেশের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে উলামায়ে কেরামের তত্ত্বাবধান ছাড়া কোনো তাবলিগ জামাতের মারকাজ পরিচালনার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া জৈন্তাপুর মডেল মসজিদে কথিত অনৈসলামিক কার্যক্রম এবং মহিলাদের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধের বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে তিনজন প্রতিনিধির পরামর্শক্রমে প্রতি মাসে জৈন্তাপুর মডেল মসজিদে ইসলাহি মাহফিল আয়োজন করা হবে।
সভায় বক্তারা সাদপন্থিদের কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং জৈন্তাপুরে তাদের কার্যক্রম বন্ধের দাবি জানান। এ দাবিই সভার মূল আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পায়।
উল্লেখ্য, এর আগে জৈন্তাপুরে সাদপন্থিদের কার্যক্রম নিয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচির সংবাদও প্রকাশিত হয়েছে।