logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৪ অক্টোবর ২০২৬ ০২:৫৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

অর্থাভাবে থমকে ছিল অপারেশন, নাজিমের পাশে দাঁড়াল মস্তফা–লিলা ফাউন্ডেশন

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ অক্টোবর ২০২৬ ০২:৫৫ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ অক্টোবর ২০২৬ ০২:৫৫ পূর্বাহ্ন
অর্থাভাবে থমকে ছিল অপারেশন, নাজিমের পাশে দাঁড়াল মস্তফা–লিলা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ :: সিলেটের জকিগঞ্জ উপজেলার নগরকান্দি গ্রামের অসহায় দিনমজুর নাজিম উদ্দিনের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে মস্তফা–লিলা ফাউন্ডেশন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর অর্থাভাবে প্রয়োজনীয় অপারেশন করাতে পারছিলেন না তিনি। পরে ফাউন্ডেশনের সহযোগিতায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অপারেশন সম্পন্ন হয়েছে।


পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর অপারেশন প্রয়োজন হলেও পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা ও অপারেশনের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে।


বিষয়টি জানতে পেরে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও মস্তফা–লিলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আহসান হাবীব তাঁর চিকিৎসার উদ্যোগ নেন। ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২৬ সেপ্টেম্বর নাজিম উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে ২৯ সেপ্টেম্বর তাঁর অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা ভালো বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার ও মস্তফা–লিলা ফাউন্ডেশন।


নাজিম উদ্দিনের চিকিৎসায় সহযোগিতার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মস্তফা–লিলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আহসান হাবীব।


তিনি বলেন, মানুষের জন্য মানুষের পাশে—এই প্রত্যয় নিয়েই মস্তফা–লিলা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় মানুষের বিপদের সময় সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। একটি সহযোগিতার হাত একজন অসহায় মানুষের চিকিৎসার সুযোগ তৈরি করে দিতে পারে।


ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসহায়, দিনমজুর, বিধবা ও প্রতিবন্ধী রোগীদের চিকিৎসা সহযোগিতার প্রয়োজন হলে মস্তফা–লিলা ফাউন্ডেশন, তাপাদার ভিলা, নগরকান্দি, জকিগঞ্জ, সিলেটে যোগাযোগ করা যাবে। যোগাযোগ নম্বর: ০১৭১৩৬৫৯৬৯৭।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18001
Page of