বালাগঞ্জে ৩০ দুস্থ পরিবার পেল হেল্প কার্ড ও খাদ্যসামগ্রী
বালাগঞ্জ প্রতিনিধি::
সিলেটের বালাগঞ্জে মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্টের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের মধ্যে হেল্প কার্ড ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুলতানপুর গ্রামের ৬০টি সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের মধ্যে হেল্প কার্ড বিতরণের প্রথম ধাপে ৩০টি পরিবারের হাতে হেল্প কার্ড ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মী জুনেদ আহমদ চৌধুরীর অর্থায়নে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। হেল্প কার্ডপ্রাপ্ত পরিবারগুলোকে পরবর্তীতে জরুরি ওষুধ, খাদ্যসামগ্রী, অসুস্থতার সময় চিকিৎসা সহায়তা এবং বিয়েতে অনুদানসহ বিভিন্ন জরুরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু।
মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্টের স্থানীয় প্রতিনিধি ও সমাজকর্মী মো. আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রবীণ মুরব্বি মো. আবু মিয়া, মো. ছয়াব উল্লাহ ও মো. হানিফ আলীসহ স্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
বক্তারা সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ ধরনের মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জরুরি প্রয়োজনে ব্যক্তি ও সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মী ও শিক্ষানুরাগী জুনেদ আহমদ চৌধুরী তাঁর প্রয়াত পিতা নজির আহমদ চৌধুরীর নামে ‘মরহুম নজির আহমদ চৌধুরী ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন। ট্রাস্টের মাধ্যমে সুলতানপুর গ্রামের দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এর আগে ২০২৫ সালেও ট্রাস্টের উদ্যোগে সুলতানপুর গ্রামের অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।