logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ অক্টোবর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের: সিলেটে সাংবাদিকের বাসায় হামলা-ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ

চ্যানেল জৈন্তা নিউজ ০২ অক্টোবর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ অক্টোবর ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের: সিলেটে সাংবাদিকের বাসায় হামলা-ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ

সিলেট  :: সিলেট নগরীর শিববাড়ি এলাকায় দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরীর বাসায় ঢুকে হামলা, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং নগদ দুই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পার্কভিউ মেডিকেল কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল আহাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরী।


শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর শিববাড়ি এলাকায় নিজের বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।


সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর অভিযোগ, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর থেকেই একটি পক্ষ তাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে কয়েকজন ব্যক্তি তার বাসার সামনে এসে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তারা বাসার ভেতরে প্রবেশ করে তাকে ভয়ভীতি ও হুমকি দেন।


সাদিকুর রহমান চৌধুরীর দাবি, এ সময় তাদের একজন পিস্তল বের করে তাকে ভয় দেখান। পরে বাসায় থাকা নগদ দুই লাখ টাকা নিয়ে যাওয়া হয়। তিনি জানান, ঘটনার সময় তিনি বিষয়টি ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় আব্দুল আহাদ তাঁর মোবাইল ফোন নিয়ে নেন বলেও অভিযোগ করেন তিনি।


সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। শুক্রবার একপর্যায়ে এসে পিস্তল দেখিয়ে আমাকে ভয় দেখানো হয়েছে। এ সময় আমার ঘরে থাকা নগদ দুই লাখ টাকা লুট করে তারা।”


তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। আমার বাসায় হামলা ও লুটপাটের পেছনে একটি কারণ থাকতে পারে বলে আমি মনে করি। আমি তাদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশ করেছিলাম। তাদের সঙ্গে মাদকের সম্পৃক্ততা রয়েছে—এমন তথ্যের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা হয়েছিল।”


ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরী। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।


এ বিষয়ে কদমতলী ফাঁড়ির ইনচার্জ এএসআই মফিজ বলেন, “পত্রিকায় কী জানি একটা বিষয়ে তিনি লেখালেখি করছেন, এ নিয়ে সমস্যা জড়িয়ে যায়।”


তিনি আরও বলেন, ভিডিও ধারণের সময় আব্দুল আহাদ সাদিকুর রহমান চৌধুরীর মোবাইল ফোন নিয়ে নেন। পরে পুলিশ গিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করে।


স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীকে কয়েকজন ব্যক্তি বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে কয়েকজনের বাসায় প্রবেশ, হুমকি-ধমকি এবং নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।


তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল আহাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17967
Page of