সিলেটে পৃথক অভিযানে ৩৩১ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
সিলেট:
সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দক্ষিণ সুরমা থানা পুলিশের পৃথক অভিযানে ৩৩১ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা বিক্রয়লব্ধ নগদ ২৬ হাজার ১২০ টাকা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন পূর্ব দরগা গেইট এলাকায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের বিপরীত পাশে বাটা শোরুমের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলসহ ইছকন্দর আলী (৪৬)কে আটক করা হয়। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মারপসি গ্রামের মৃত কুতুব আলীর ছেলে।
অভিযানে ইছকন্দর আলীর হেফাজত থেকে ২১ পিস ইয়াবা ও নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে জালালাবাদ থানাধীন ইসলামগঞ্জ বাজারে জালালাবাদ টেলিকম নামীয় দোকানের সামনে অভিযান চালানো হয়। সেখানে আব্দুল আউয়াল খান (৪১)কে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট জেলার জালালাবাদ থানার কালারুকা গ্রামের মিমবর খানের ছেলে।
আব্দুল আউয়াল খানের হেফাজত থেকে ৩১০ পিস ইয়াবা ও নগদ ২৪ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। দুই অভিযানে সর্বমোট ৩৩১ পিস ইয়াবা, নগদ ২৬ হাজার ১২০ টাকা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ২৫ সেপ্টেম্বর তারিখে মামলা নম্বর-৪৩ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০(ক)/৩৮/৪১ ধারা উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, ২৪ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন বঙ্গবীর রোডে কাঁশবন মেইন গেটের সন্নিকটে পারভেজ ফার্নিচারের সামনে অভিযান পরিচালনা করে লাউয়াই পুলিশ বক্সের ইনচার্জ এসআই (নিঃ) মো. মামুনুর রশীদ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।
অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. হারুন মিয়া (৭০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ সুরমা থানার কাটাদিয়া গ্রামের মৃত তছলিম আলীর ছেলে।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২৪ সেপ্টেম্বর তারিখে মামলা নম্বর-১৬ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার হারুন মিয়াকেও আদালতে সোপর্দ করা হয়েছে।