logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করভার কমিয়ে ১ শতাংশ করল এনবিআর

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন
সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করভার কমিয়ে ১ শতাংশ করল এনবিআর

ঢাকা: নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর সুবিধা আরও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সুবিধার ফলে এসব পণ্য আমদানিতে মোট করভার ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশে নেমে এসেছে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এ সুবিধা দেওয়া হয়েছে।


এনবিআর জানায়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস সৌরবিদ্যুৎ খাতের প্রয়োজনীয় উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে ওই সুবিধার পরও এসব পণ্য আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) এবং ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ করভার প্রযোজ্য ছিল।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি ও রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব পণ্য আমদানিতে এখন মোট করভার দাঁড়াবে মাত্র ১ শতাংশ।


এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে এনবিআর।


এর আগে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এ সুবিধা প্রযোজ্য ছিল না। নতুন সিদ্ধান্তে শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও এ সুবিধার আওতায় আসবেন।


এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ সুবিধার ফলে সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে এবং দেশে নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী হবে বলে আশা করছে সংস্থাটি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17668
Page of