রাষ্ট্রপতির সিলেট সফর: প্রটোকল ও নিরাপত্তায় সমন্বয়ের নির্দেশ
সিলেট:
আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও পদাধিকারবলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফর উপলক্ষে যথাযথ সম্মান প্রদর্শন, মর্যাদাপূর্ণ অভ্যর্থনা এবং প্রয়োজনীয় প্রটোকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান।
অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতির সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন উপলক্ষে সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও সেক্রেটারিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে শৃঙ্খলাপূর্ণ, সৌজন্যপূর্ণ ও মর্যাদাসম্পন্ন অভ্যর্থনা কার্যক্রম আয়োজন ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এতে আরও বলা হয়, অভ্যর্থনা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রটোকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি সব ধরনের অনুমোদন, নিরাপত্তা নির্দেশনা, সরকারি বিধি-বিধান ও প্রচলিত প্রটোকল যথাযথভাবে অনুসরণ করতে হবে।
অফিস আদেশে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের জন্য রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রটোকল, অভ্যর্থনা ও অন্যান্য আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে গৃহীত কার্যক্রমের সার্বিক সমন্বয়, তদারকি ও যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করে কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরকে যথাসময়ে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, সিলেট জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
এ ছাড়া সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, ইমজা (ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন), সার্কিট হাউস এবং সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।