জকিগঞ্জে ৬ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
জকিগঞ্জ প্রতিনিধি:
শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা তৈরি এবং রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রেরণা জোগাতে সিলেটের জকিগঞ্জে ব্যতিক্রমী মানবিক ও শিক্ষাবান্ধব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বীরশ্রী ইউনিয়নের গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। শাহেদ আহমদ রাসেলের সার্বিক সহযোগিতায় মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ, সোনাপুর-সুপ্রাকান্দি ডেভেলপমেন্ট সোসাইটি ও ‘মুক্তমন’ বীরশ্রী যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দিনব্যাপী কর্মসূচিতে ৬ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। একই সঙ্গে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ অর্ধশতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থীকে লেখাপড়ার খরচ বহনে সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক বিকাশের সুযোগ বাড়াতে গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠ প্রশস্ত ও সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিজস্ব রক্তের গ্রুপ জানা জরুরি। একই সঙ্গে রক্তদান সম্পর্কে সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তের সংকট মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শ্রী বিবেক বিহারি বিশ্বাসের সভাপতিত্বে এবং মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের সদস্য গাউছুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহেদ আহমদ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের সিনিয়র সদস্য ও জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সংগঠনের সিনিয়র সদস্য রুজেল আহমদ চৌধুরী এবং সংগঠক দুহা আহমদ।
এ সময় মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের জামিল আহমদ জামাল, কামরুল ইসলাম, মাহবুব আহমদ, কাজী হামিদুর রহমান, রাহিম আহমদ, মাহফুজ চৌধুরী, মিলাদ আহমদ, জিদান আহমদ ও সাত্তার আহমদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ‘মুক্তমন’ বীরশ্রীর কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ, জামাল আহমদ, গাউছুল আলম, রাহিম চৌধুরী ও দিদারুল ইসলাম এবং সোনাপুর-সুপ্রাকান্দি ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, প্রবাসী সদস্য আব্দুস সবুর ও উপদেষ্টা মখলিছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন, ক্রীড়ার বিকাশ ও মানবসেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানে সচেতনতা সৃষ্টি এবং পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যেই এ যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।