logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন
শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ

সিলেট প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটাভিত্তিক অনুসন্ধান, ফিচার লেখার কৌশল ও ডিজিটাল নৈতিকতা বিষয়ে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বাড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) কনফারেন্স রুমে ‘এমপাওয়ারিং ক্যাম্পাস জার্নালিস্ট: এআই, ডেটা-ড্রাইভেন ইনভেস্টিগেশন, ফিচার রাইটিং অ্যান্ড ডিজিটাল এথিকস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।


তথ্য যাচাই ছাড়া সংবাদ নয়


কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্যনির্ভর অনুসন্ধান, বস্তুনিষ্ঠ ফিচার লেখা এবং ডিজিটাল নৈতিকতা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


উপাচার্য আরও বলেন, বর্তমানে বিভিন্ন মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। গণমাধ্যমে প্রকাশিত কোনো তথ্য মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার বিষয়টি নিশ্চিত করা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য এবং পেশাদার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মধ্যে পার্থক্যও সাংবাদিকদের বুঝতে হবে।


ছিলেন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।


কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার। স্বাগত বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হামিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।


অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সেশন


দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আল জাজিরার বাংলাদেশ প্রতিনিধি মউদুদ আহমেদ সুজন, প্রথম আলো ডিজিটালের ম্যানেজার (বিজনেস) খায়রুল বাশার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফয়জুল্লাহ ওয়াসিফ।


প্রশিক্ষণে এআই-নির্ভর সাংবাদিকতা, ডেটাভিত্তিক অনুসন্ধান, ফিচার লেখার কৌশল এবং ডিজিটাল নৈতিকতার মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।


অংশ নেন ক্যাম্পাসের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি


কর্মশালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশ নেন।


আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, অনুসন্ধানী কাজ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের দক্ষতা আরও বাড়বে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17472
Page of