সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
ঢাকা, ৫ সেপ্টেম্বর : সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদনে জানানো হয়েছে।
সফরকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এসব সাক্ষাৎ ও বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হবে।
সৌদি আরব অবস্থানকালে নৌবাহিনী প্রধান দেশটির বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি আরবের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নৌবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক নতুন মাত্রা পাবে।