logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
শুক্রবার শাহজালাল (রহ.)-এর দরগাহ জিয়ারত, বিকেলে বিএনপির সঙ্গে মতবিনিময়

প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন হুমায়ুন কবির

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩১ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩১ পূর্বাহ্ন
প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেটে আসছেন হুমায়ুন কবির

সিলেট প্রতিনিধি:

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা সিলেটে আসছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি সিলেটে আসবেন।


হুমায়ুন কবির সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামের সন্তান। শৈশবে যুক্তরাজ্যে বেড়ে ওঠা এই রাজনীতিক আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।


দলীয় মনোনয়ন না পাওয়ার পর বিএনপি সরকার গঠন করলে হুমায়ুন কবিরকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে গত ২১ আগস্ট তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান। সরকারি তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে দায়িত্ব পালন করছেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন অনুযায়ী, হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়, অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব দেখবেন।


এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অন্যান্য বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।


সফরসূচি অনুযায়ী, শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ শরিফ জিয়ারত করবেন হুমায়ুন কবির। জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।


পরে বিকেল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


হুমায়ুন কবিরের এই সফর ও কর্মসূচি সফল করতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17414
Page of