শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
সিলেট প্রতিনিধি:
সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় শাহজালাল উপশহর হাই স্কুল প্রাঙ্গণে তৈয়মুন নেছা ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহজালাল উপশহর হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবদুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও শাহজালাল উপশহর হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও উদ্যমী হয়ে পড়াশোনায় ভালো ফলাফল অর্জন করবে এবং সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তৈয়মুন নেছা ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির আহমদ বাবর।
বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মেসবাউর রহমান আলম, অ্যাডভোকেট সাইফুল খালম, এডিশনাল পিপি জাফর ইকবাল তারেক, হাই স্কুলের অভিভাবক সদস্য বাহার উদ্দিন, আতহারিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. ফরিদ হোসেন, অ্যাডভোকেট মঈন উদ্দিন মঞ্জু, কায়সার আহমদ তুহিন ও ফটো সাংবাদিক মামুন হাসান।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন নাজীন আক্তার চৌধুরী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আরিদা আক্তার লিজা ও নুরুল হাবিব রুহান সাদী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী।
আলোচনা সভা শেষে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধা বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠান তৈয়মুন নেছা ফাউন্ডেশন সিলেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইয়াহিয়া আহমদ মাতার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।