logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৮ আগস্ট ২০২৬ ১০:৩২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ফ্যামিলি কার্ড থেকে পরিবেশ সুরক্ষা: সুস্থ ও সচেতন পরিবারের অগ্রযাত্রা

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ আগস্ট ২০২৬ ১০:৩২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ আগস্ট ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
ফ্যামিলি কার্ড থেকে পরিবেশ সুরক্ষা: সুস্থ ও সচেতন পরিবারের অগ্রযাত্রা
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বালাগঞ্জে ‘ফ্যামিলি কার্ড থেকে পরিবেশ সুরক্ষা: সুস্থ ও সচেতন পরিবারের অগ্রযাত্রা’ শীর্ষক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বালাগঞ্জ উপজেলার মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রচার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। সভাপতিত্ব করেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক শুভ রায় সুমন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল জলিল বলেন, গণমানুষের দোরগোড়ায় সরকারের বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগের সঠিক বার্তা পৌঁছে দেওয়া এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ ধরনের সমাবেশের মূল উদ্দেশ্য।

তিনি সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর পারিবারিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’, কৃষি ও কৃষকের সমৃদ্ধিতে ‘কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ’, কৃষির সেচ ও পরিবেশ পুনরুদ্ধারে ‘খাল খনন কর্মসূচি’, নারীর যাতায়াত সহজীকরণে ‘নারীর জন্য গাড়ি’ এবং পরিবেশ সুরক্ষায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

এ সময় তিনি চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক শুভ রায় সুমন বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সুরক্ষামূলক কর্মসূচির সঠিক তথ্য তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য অফিস কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, এ ধরনের ফ্যামিলি সমাবেশ সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি জনসচেতনতা তৈরির মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তনেও এসব কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

সমাবেশে শিক্ষক, সাংবাদিক, নারী-পুরুষসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে অংশগ্রহণকারীদের সামনে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও সম্ভাব্য সুফল তুলে ধরা হয়।

আয়োজকরা বলেন, পরিবারকে সচেতন ও দায়িত্বশীল করে তোলার মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17276
Page of