logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ আগস্ট ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

যুক্তরাজ্যে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ আগস্ট ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ আগস্ট ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন
যুক্তরাজ্যে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট

বিশ্বনাথ প্রতিনিধি, সিলেট: সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্যে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২৩ আগস্ট) যুক্তরাজ্যের নিউবেরি পার্ক এলাকার আলডারবরাহ সাউথের ফোর্ড স্পোর্টস সোশ্যাল ক্লাবে এ ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের অন্যতম ফাউন্ডার ট্রাস্টি, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ইউকে কমিটির পার্মানেন্ট ডোনার মেম্বার, ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন অনুষ্ঠানের আয়োজন করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক ও হোস্ট মোহাম্মদ অহিদ উদ্দিন। সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার এবং মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল ও ইয়াং ট্যালেন্ট প্রেজেন্টার তামান্না মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সহযোগিতা করেন ফরহাদ হোসেন টিপু ও মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য উন্নত ও সহজলভ্য ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য তুলে ধরা হয়।


আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়লেও প্রত্যন্ত এলাকার অনেক মানুষ অর্থনৈতিক অসচ্ছলতা, চিকিৎসা ব্যয় এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে সময়মতো চিকিৎসা নিতে পারেন না। এ বাস্তবতায় বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালকে আধুনিক চিকিৎসাসেবার একটি কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ফান্ড রেইজিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণে হাসপাতালের উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। তাদের মতে, প্রবাসীদের সম্মিলিত সহযোগিতায় এমন একটি চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা সম্ভব, যেখানে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ নিজ এলাকায় মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।


অনুষ্ঠানে হাসপাতাল ফাউন্ডেশনের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগকে স্বাগত জানিয়ে মানবিক এ কার্যক্রমে প্রবাসীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।


ফান্ড রেইজিং ইভেন্টের মাধ্যমে সংগৃহীত অর্থ হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, চিকিৎসাসেবার পরিধি বাড়ানো এবং ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করার কাজে ব্যয় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17237
Page of