logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ আগস্ট ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
শিশুদের লেখাপড়ার খরচ ও পরিবারের একজনকে সরকারি ব্যবস্থাপনায় বিদেশে পাঠানোর আশ্বাস

কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে ১৫ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ আগস্ট ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ আগস্ট ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন
কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে ১৫ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। নিহত প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।


বুধবার (২৬ আগস্ট) কানাইঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের পরিবারের সদস্যদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।


গত ২১ জুন কাতারের আল শাহানিয়া শহরের সামাল সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসী নিহত হন। তারা হলেন—আগাতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। ওই দুর্ঘটনায় একজন ভারতীয় নাগরিকও নিহত হন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও দুর্ঘটনা ও নিহত পাঁচ প্রবাসীর পরিচয় নিশ্চিত করা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্বজনদের ক্ষতি পূরণ করার সাধ্য কারও নেই। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতদের পরিবারের পাশে সহায়তার হাত বাড়ানো হয়েছে।


তিনি বলেন, শুধু আর্থিক অনুদান দিয়েই সরকার দায়িত্ব শেষ করতে চায় না। এসব পরিবারের পাশে সরকার সার্বক্ষণিকভাবে থাকবে। স্বজনহারা পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।


মন্ত্রী আরও বলেন, নিহত পরিবারগুলোর যেসব শিশু রয়েছে, তাদের লেখাপড়ার সম্পূর্ণ খরচ জোগাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। একই সঙ্গে পরিবারগুলোর সামাজিক ও আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন সদস্যকে সরকারি ব্যবস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, কানাইঘাটসহ এ এলাকার যুবকদের যারা প্রলোভন দেখিয়ে সাগরপথে কিংবা ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে বিদেশে পাঠানোর চেষ্টা করে, স্থানীয়রা যেন তাদের পরিচয় প্রকাশ্যে আনেন। তাদের তথ্য সরকারকে দিলে সংশ্লিষ্ট দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এবং সংরক্ষিত মহিলা আসন-২২-এর সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার।


কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে ও সার্বিক পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসী নিহত হন। পরে তাদের মরদেহ দেশে এনে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদানের কথা জানানো হয়েছিল।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17232
Page of