কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সফল হওয়ায় শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের কৃতজ্ঞতা
স্টাফ রিপোর্টার:
জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল হালিম ও সদস্য সচিব ক্লেমেন্ট চিশিম বর্ষা।
মঙ্গলবার (২৫ আগস্ট) জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক, সংবর্ধিত শিক্ষার্থী এবং ফাউন্ডেশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
বিশেষভাবে অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করায় জৈন্তাপুরের শিক্ষা অঙ্গনে পরিচিত মুখ, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষা অনুরাগী আব্দুল গফফার চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল হালিম ও সদস্য সচিব ক্লেমেন্ট চিশিম বর্ষা বলেন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠান সফল করার পেছনে সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক, শিক্ষার্থী, সহযোগী ও ফাউন্ডেশনের সকল সদস্যের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, “আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও উৎসাহ আমাদের আগামীর পথচলার প্রেরণা। শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধিত ২৮ কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরও আন্তরিক অভিনন্দন জানানো হয়। শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে—এ প্রত্যাশাও ব্যক্ত করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।