জৈন্তাপুরের মাদক-দুর্নীতি ও সমসাময়িক সমস্যা নিয়ে ঐক্যের আহ্বান তোফায়েল আহমদের
স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদক, দুর্নীতি ও ১নং নিজপাট ইউনিয়নের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে চলমান আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে এলাকার প্রবীণ মুরব্বি ও যুবসমাজকে নিয়ে বসে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন সৌদি আরব প্রবাসী ও সমাজসেবী তোফায়েল আহমদ।
বাংলাদেশ সময় রাত ৯টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জৈন্তাপুরবাসীর উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
তোফায়েল আহমদ তার পোস্টের শুরুতে জৈন্তাপুরবাসীকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে নিজেকে এলাকার সন্তান হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমানে জৈন্তাপুর উপজেলায় ক্রমবর্ধমান মাদক ও দুর্নীতি এবং ১নং নিজপাট ইউনিয়নের সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এসব বিষয়ে এলাকার মানুষের উদ্দেশে তিনি কিছু কথা বলতে চান।
এলাকার প্রবীণ মুরব্বিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অনলাইন ও অফলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন বিষয় নিয়ে তারা যেন বসে একটি সুষ্ঠু সমাধানের পথ বের করেন। একই সঙ্গে এলাকার যুবসমাজকে সঙ্গে নিয়ে এসব বিষয়ে আলোচনা করার জন্য মুরব্বিদের প্রতি অনুরোধ জানান তিনি।
তোফায়েল আহমদ বলেন, জৈন্তাপুরের মানুষের মধ্যে ঐক্যের একটি দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। কোনোভাবেই যেন চলমান পরিস্থিতির কারণে সেই ঐতিহ্য নষ্ট না হয়। এ জন্য এলাকার মুরব্বিদের নীরব না থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আমাদের মাথার তাজ মুরব্বিরা অনলাইনে-অফলাইনে ছড়িয়ে পড়া বিষয়গুলো নিয়ে একটি সুষ্ঠু সমাধানের রাস্তা বের করুন। আমি আপনাদের এলাকার একজন সাধারণ মানুষ, আপনাদের সন্তান হিসেবে অনুরোধ করছি—দয়া করে এই বিষয়গুলো নিয়ে এলাকার যুবসমাজকে নিয়ে আপনারা বসুন।’
এলাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কোনো ঘটনা বা মতবিরোধ যেন জৈন্তাপুরের দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও ঐক্যের ঐতিহ্যকে কলঙ্কিত না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
মানুষ ভুলের ঊর্ধ্বে নয় উল্লেখ করে তোফায়েল আহমদ বলেন, কেউ ভুল করে অনুতপ্ত হলে তাকে সংশোধনের সুযোগ দিতে হবে। ছোটদের ভালোবাসা ও পরামর্শ দিতে হবে এবং বড়দের সম্মান করতে হবে।
মাদক, দুর্নীতি ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব অন্যায় প্রতিহত করা না গেলে ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যেতে পারে। এর ফলে মানুষের মধ্যে পারস্পরিক সম্মান ও স্নেহ কমে যাবে, এলাকার ঐক্য নষ্ট হবে এবং সবাই বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে।
জৈন্তাপুরের প্রয়াত প্রবীণ মুরব্বিদের সামাজিক ভূমিকার কথা স্মরণ করে তোফায়েল আহমদ বলেন, তারা যেভাবে সুন্দরভাবে সমাজ পরিচালনা করে গেছেন, সেই পন্থা অনুসরণ করে বর্তমান প্রজন্মকে এগিয়ে যেতে হবে। এলাকার ইতিহাস-ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি মাদক, দুর্নীতি ও অন্যায় নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং যুবসমাজকে রক্ষা করতে হবে।
সবশেষে তিনি জৈন্তাপুরের প্রবীণ মুরব্বি, যুবসমাজসহ সর্বস্তরের মানুষের প্রতি ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে চলমান বিষয়গুলোর শান্তিপূর্ণ ও সামাজিক সমাধান বের করার আহ্বান জানান।
তোফায়েল আহমদ
সমাজসেবী ও সৌদি আরব প্রবাসী