অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ
সুনামগঞ্জ, ২৫ আগস্ট ২০২৬:
দালালের খপ্পরে পড়ে সুনামগঞ্জের যুবকদের অবৈধ পথে বিদেশযাত্রা এবং এ পথে প্রাণহানির ঘটনা বন্ধে সংশ্লিষ্ট দালালদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, যেসব দালালের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছেন এবং অকালে প্রাণ হারাচ্ছেন, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অবৈধ অভিবাসন রোধে শুধু আইন প্রয়োগ নয়, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, বৈধভাবে বিদেশ যাওয়ার পাশাপাশি কাজ ও ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জে গুরুত্বপূর্ণ স্থানে কারিগরি প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হবে।
অবৈধ অভিবাসন প্রতিরোধে ধর্মীয় ও সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, সুনামগঞ্জের সব মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়ার ভয়াবহতা এবং বৈধ পথে বিদেশ যাওয়ার সুফল তুলে ধরতে হবে। এই সচেতনতামূলক আন্দোলনের সূচনা সুনামগঞ্জ থেকেই হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, বৈধ সুযোগের অভাবে অনেকেই অবৈধভাবে ইউরোপে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। তবে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপে, বিশেষ করে ইতালিতে, বৈধ ও নিরাপদ কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। ILO-এর তথ্য অনুযায়ী, প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো দক্ষতা উন্নয়ন ও নিরাপদ-নিয়মিত অভিবাসনের পথ তৈরি করা।
সভায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে তিনি সুনামগঞ্জের যুবকদের অবৈধভাবে ইউরোপে যাওয়ার ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, বিগত বছরগুলোতে অবৈধ পথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের অবস্থান শীর্ষসারিতে রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশযাত্রার বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বলেও তিনি উল্লেখ করেন।
সভায় সুনামগঞ্জের তরুণদের বৈধ ও নিরাপদ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভাষা প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। জেলার পাঁচটি সংসদীয় আসনে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও সভায় উঠে আসে।
মন্ত্রী আরও বলেন, দক্ষতা ও ভাষাজ্ঞান অর্জন করে বৈধ পথে বিদেশে গেলে কর্মীদের ভালো কর্মসংস্থানের পাশাপাশি প্রতারণা, শোষণ ও অবৈধ অভিবাসনের ঝুঁকিও কমবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো, দালালচক্র শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং দক্ষতা ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।