logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ১৮ আগস্ট ২০২৬ ১১:৪১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বপদে বহালের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

শ্রীমঙ্গলে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ১১:৪১ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ১১:৪১ অপরাহ্ন
শ্রীমঙ্গলে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তাজ উদ্দিন তাজুর অনুসারীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলের একটি মহল কোনো কাউন্সিল ছাড়াই ‘পকেট কমিটি’ গঠনের উদ্দেশ্যে তাজ উদ্দিন তাজুকে অন্যায় ও অগঠনতান্ত্রিকভাবে অব্যাহতি দিয়েছে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের দাবি জানান।


বক্তারা আরও অভিযোগ করেন, দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে একটি মহল একতরফাভাবে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করছে। এ ধরনের সিদ্ধান্ত দলের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করবে বলেও তারা দাবি করেন।


সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন, বিএনপি নেতা আজির উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমদ, শ্রমিক দল নেতা সোহেল আহমদ প্রমুখ।


বক্তারা বলেন, তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


বিক্ষোভ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে জেলা ও উপজেলা বিএনপির কাছে স্মারকলিপি প্রদান, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং রোডমার্চ করে রাজধানী ঢাকায় গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা।


যে কারণে অব্যাহতি


এর আগে রোববার (১৬ আগস্ট) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।


চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।


তবে তাজ উদ্দিন তাজুর অনুসারী নেতাকর্মীদের দাবি, কোনো ধরনের নিয়মনীতি বা কাউন্সিল ছাড়াই রাজপথের পরীক্ষিত এই নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধেই তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।


উল্লেখ্য, তাজ উদ্দিন তাজু দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতেও তাকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দেখা গেছে। 

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17061
Page of