logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৮ আগস্ট ২০২৬ ১১:১৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বালাগঞ্জে স্বামীর মারধরে গুরুতর আহত ৪ সন্তানের জননী, থানায় অভিযোগ

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ১১:১৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ আগস্ট ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
বালাগঞ্জে স্বামীর মারধরে গুরুতর আহত ৪ সন্তানের জননী, থানায় অভিযোগ

বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের বালাগঞ্জে রেহেনা বেগম (৩০) নামে চার সন্তানের এক জননীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তাঁর স্বামী কুতুব মিয়ার (৪০) বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় রেহেনা বেগমকে প্রথমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


এ ঘটনায় রেহেনা বেগমের বাবা ইলাল মিয়া (৫৯) বাদী হয়ে গত ১২ আগস্ট বালাগঞ্জ থানায় কুতুব মিয়া ও তাঁর বড় ভাই আশিক মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।


ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্য এবং পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হাড়িয়ার গাঁও গ্রামের কুতুব মিয়া গত ৯ আগস্ট বিকেল আনুমানিক ২টার দিকে তাঁর স্ত্রী রেহেনা বেগমকে মারধর করেন বলে অভিযোগ। স্থানীয় প্রতিবেশী ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং রক্তক্ষরণ থাকায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে পরদিন স্বজনরা রেহেনা বেগমকে তাঁর বাবার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার জোড়াপুর গ্রামে নিয়ে যান।


রেহেনা বেগমের পরিবার অভিযোগ করেছে, কুতুব মিয়া অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত এবং এতে বাধা দেওয়ায় তিনি প্রায়ই স্ত্রীকে মারধর করেন। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশ-মীমাংসার চেষ্টা করা হলেও নির্যাতন বন্ধ হয়নি বলে পরিবারের দাবি।


ইলাল মিয়ার লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, অভাব-অনটনের সময় কুতুব মিয়া তাঁর মেয়ের কাছে যৌতুকের টাকা দাবি করতেন এবং দাবি পূরণ না হলে মারধর করতেন। সর্বশেষ ঘটনার দিন ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে রেহেনাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কুতুব মিয়া। তিনি স্ত্রীকে মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, তাঁর বৃদ্ধা মায়ের সেবাযত্নে ত্রুটি করায় ঘটনার দিন তিনি মেজাজ হারিয়ে স্ত্রীকে মারধর করেন। তবে পরকীয়া, যৌতুক দাবি এবং তাঁর বড় ভাই আশিক মিয়ার সম্পৃক্ততার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।


বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য শেখ আব্দুল করিম জানান, রেহেনা ও কুতুব মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্যকলহ চলে আসছে। এ নিয়ে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান হয়নি। চেয়ারম্যান এম. মুজিবুর রহমান জানান, বিষয়টি আপসে মীমাংসার চেষ্টা চলছে।


বালাগঞ্জ থানার এএসআই মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



---


অসুস্থ নারীকে ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিল গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি


বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বালাগঞ্জের গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পক্ষ থেকে টিউমারজনিত অসুস্থ রেবা বেগমকে ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সংগঠনটির স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে এ অনুদান হস্তান্তর করা হয়। রেবা বেগম সংগঠনের সাবেক সদস্য ও সদ্য প্রয়াত গ্রিসপ্রবাসী সেলিম আহমদের বোন।


অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের স্থানীয় প্রতিনিধি ও সমাজকর্মী-শিক্ষানুরাগী মো. তজমুল আলী মুহুরি, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম আহমদ, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইব্রাহিম মিয়া, মফিজুল ইসলাম, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, তরুণ সমাজকর্মী আতিকুর রহমান লিটন, মাহদি চৌধুরী, মারুফ চৌধুরী, মো. হাবিবুর রহমান শিমুল, এমরান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


সংগঠনটির মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে অসুস্থ রেবা বেগমের চিকিৎসায় এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর আগে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের তথ্যও প্রকাশিত হয়েছে। 

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17058
Page of