logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১২ আগস্ট ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জের প্রতিভা নিবাসে ৮ শিক্ষার্থীর ৭ জনই জিপিএ-৫

চ্যানেল জৈন্তা নিউজ ১২ আগস্ট ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১২ আগস্ট ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন
জকিগঞ্জের প্রতিভা নিবাসে ৮ শিক্ষার্থীর ৭ জনই জিপিএ-৫

জকিগঞ্জ প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জে হাফিজ মজুমদার ট্রাস্টের আওতাধীন প্রতিভা নিবাস এবারের এসএসসি পরীক্ষায় প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে এবার ৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৭ জনই জিপিএ-৫ অর্জন করেছে। অপর শিক্ষার্থী মহিমা আনজুম পেয়েছে ‘এ’ গ্রেড (জিপিএ ৪.২৮)।


জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলো—আয়শা সিদ্দিকা, কিমিয়া সাদাত, ফাইজা জান্নাত, আজেরা মাহবুবা রুহি, ছাদিয়া ইসলাম, হাদিসা আক্তার চৌধুরী ও রিহা সিদ্দিকা।


প্রতিভা নিবাসের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।


এ বিষয়ে হাফিজ মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) নাজিম উদ্দিন বলেন, “প্রতিভা নিবাস আমাদের ট্রাস্টের একটি প্রকল্প। এখানে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের থাকা, খাওয়াসহ যাবতীয় ব্যয় নির্বাহ করা হয়। অন্যান্য বছরের ন্যায় এবারও শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করায় শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।”


ট্রাস্টের সচিব ও মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা সভাপতি মো. কুতুব উদ্দিন বলেন, “একঝাঁক মেধাবী শিক্ষকের প্রচেষ্টা, অভিভাবকদের তদারকি এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফলে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জিত হয়েছে।”


হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ বলেন, “আমাদের ক্যাম্পাসে প্রতিভা নিবাস অবস্থিত। এটি পুরো জকিগঞ্জ উপজেলার সুনাম ও খ্যাতি বয়ে এনেছে। প্রতিভা নিবাসের শিক্ষার্থীদের এই সাফল্য সকল শিক্ষার্থীর মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।”


তিনি বলেন, “৮ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন জিপিএ-৫ পেয়েছে। একজন অসুস্থ থাকায় ‘এ’ গ্রেড (৪.২৮) পেয়েছে।” কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রতিভা নিবাসের পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


প্রতিভা নিবাসের এবারের ফলাফল জকিগঞ্জের শিক্ষা অঙ্গনে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে জকিগঞ্জের সুনাম অক্ষুণ্ন রাখবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16901
Page of