logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১২ আগস্ট ২০২৬ ০৩:২৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শায়েস্তাগঞ্জে চাল ছাড়াই টিসিবির প্যাকেজ, ক্ষুব্ধ স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা

চ্যানেল জৈন্তা নিউজ ১২ আগস্ট ২০২৬ ০৩:২৪ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১২ আগস্ট ২০২৬ ০৩:২৪ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জে চাল ছাড়াই টিসিবির প্যাকেজ, ক্ষুব্ধ স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা

শায়েস্তাগঞ্জ  (হবিগঞ্জ) প্রতিনিধি :

খাদ্য অধিদপ্তর থেকে চাল বরাদ্দ না থাকায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জসহ জেলার টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলো টানা দুই মাস ধরে অন্যান্য পণ্যের সঙ্গে চাল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে নিম্নআয়ের এসব পরিবারের মধ্যে।


জানা যায়, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সরকারি নির্দেশনায় স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে প্রতি মাসে ভর্তুকি মূল্যে প্যাকেজ পণ্য সরবরাহ করে। প্যাকেজে ভালো মানের ৫ কেজি সিদ্ধ চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ১ পিস লন্ডি সাবান, ১ পিস গায়ের লাক্স বা মেরিল সাবান এবং ৫০০ গ্রাম সিনথেটিক ডিটারজেন্ট (হুইল) পাউডারসহ বিভিন্ন পণ্য থাকে।


তবে গত মে ও জুন মাসে টিসিবির অন্যান্য প্যাকেজ পণ্য সরবরাহ করা হলেও চাল দেওয়া হয়নি বলে জানিয়েছেন কার্ডধারীরা। বর্তমান বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির সময়ে টিসিবির অর্ধেক দামে, প্রতি কেজি ৩০ টাকা মূল্যে চাল না পেয়ে হতাশ হয়েছেন তারা। এতে ভোক্তাদের মধ্যে অসন্তোষ ও ভোগান্তি তৈরি হয়েছে।


এদিকে, টিসিবির সিলেট বিভাগীয় মৌলভীবাজার শেরপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, টিসিবির পণ্যের তালিকায় নতুন করে লবণ যুক্ত হচ্ছে। তবে এর পরিমাণ ও দাম সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।


এ বিষয়ে জানতে চাইলে টিসিবির সিলেট বিভাগীয় মৌলভীবাজার শেরপুর আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান জানান, জুলাই মাসের চাল চলতি আগস্ট মাসে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া হয়নি। এ বিষয়ে ঢাকা হেড অফিসে যোগাযোগ করতে বলেন তিনি।


ভোক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সরকারি ভর্তুকি মূল্যে প্রতি কেজি ৩০ টাকা দরে সিদ্ধ চাল পাওয়া তাদের জন্য অনেক বড় সহায়তা। কিন্তু টানা দুই মাস চাল না পাওয়ায় তারা সমস্যায় পড়েছেন।


শায়েস্তাগঞ্জ উপজেলার কয়েকজন টিসিবি ডিলার জানান, টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবারের মাসিক প্যাকেজে ৫ কেজি করে চাল থাকে। কিন্তু হঠাৎ করে গত দুই মাস ধরে তাদের চাল দেওয়া হয়নি। সিদ্ধ চাল ছাড়া অনেক ভোক্তা অন্যান্য পণ্য নিতে চান না। মাসিক প্যাকেজে সিদ্ধ চাল না থাকায় অনেক সময় ভোক্তারা ডিলারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন বলেও জানান তারা।


ডিলাররা আরও জানান, হবিগঞ্জ জেলার ভোক্তারা সিদ্ধ চাল খুবই পছন্দ করেন। তবে তারা আতপ চাল নিতে বা খেতে চান না।


অপরদিকে, শায়েস্তাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, গত দুই মাস ধরে টিসিবির পণ্যের মধ্যে তাদের চাল বরাদ্দ দেওয়া হয়নি। মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়ে বরাদ্দ এলে চাল দেওয়া হয়। তবে জুলাই মাসের চালের বরাদ্দ এখনো পাওয়া যায়নি।


চালসহ টিসিবির নির্ধারিত মাসিক প্যাকেজ পূর্ণাঙ্গভাবে সরবরাহের দাবি জানিয়েছেন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারগুলো।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16912
Page of