সিলেট মেট্রোপলিটনে রাতভর মাদক ও জুয়া বিরোধী অভিযান, ২৭ মামলা
ডেস্ক নিউজ:: সিলেট মেট্রোপলিটন এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মোট ২৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও জুয়া সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাতভর এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, পরিবারের সদস্য, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সংশ্লিষ্টরা আরও জানান, জনসাধারণের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মাদক ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।