logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১১ আগস্ট ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুর সীমান্তে ভারতের ভেতরে যুবক আটক, খাসিয়াদের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

চ্যানেল জৈন্তা নিউজ ১১ আগস্ট ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১১ আগস্ট ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন
জৈন্তাপুর সীমান্তে ভারতের ভেতরে যুবক আটক, খাসিয়াদের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::


সিলেটের জৈন্তাপুর সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর নিজাম উদ্দিন (২০) নামে এক বাংলাদেশি যুবককে খাসিয়া সম্প্রদায়ের লোকজন ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা ২৮ মিনিটের দিকে উপজেলার কমলাবাড়ী প্রকাশ গৌরীশঙ্কর গ্রামের কাজী মুসলিম উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন সীমান্তের ১২৮৭ নম্বর পিলার অতিক্রম করে ভারতের হেওয়াই বস্তির পুরাতন ফিল্ড এলাকায় প্রবেশ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সেখানে যাওয়ার পর খাসিয়ারা তাকে আটক করে নিয়ে যায় বলে দাবি স্থানীয়দের।


স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি নিজাম উদ্দিনের এক চাচাতো ভাইয়ের সঙ্গে ভারতের হেওয়াই বস্তির এক নারীর সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছিল। ওই বিরোধের জের ধরেই নিজামকে আটক করে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।


ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে নিজাম উদ্দিন বর্তমানে কোথায় আছেন কিংবা তার সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


এ বিষয়ে বিজিবি বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। যুবককে উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।


ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা করছে স্থানীয়রা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16889
Page of