logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১০ আগস্ট ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
‘ছাত্র-জনতার অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে’

একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল পলাতক হাসিনা: আরিফুল হক চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ ১০ আগস্ট ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১০ আগস্ট ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন
একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল পলাতক হাসিনা: আরিফুল হক চৌধুরী

আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ধরে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ও তা চিরস্থায়ী করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন।


রোববার (৯ আগস্ট) অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বা লাইব্রেরি হল মিলনায়তনে অস্ট্রেলিয়া বিএনপি আয়োজিত ‘রক্তস্নাত ৩৬শে জুলাই, সার্বভৌমত্বে আপোষহীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ভার্চ্যুয়ালি জুম মিটিংয়ের মাধ্যমে সভায় যুক্ত হন।


আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বিবর্তনের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।


তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা, বিরোধী মত দমন, গ্রেফতার, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করার চেষ্টা করা হয়েছিল। তবে জনগণের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত সেই পরিস্থিতির অবসান ঘটে।


প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব নীতি অনুসরণ করছে। বিশ্বের ১৭৬টি দেশে কর্মরত প্রায় ১ কোটি ৫০ লাখ বাংলাদেশির অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।


তিনি জানান, প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, বিমানবন্দরে সেবা, ভিসা-সংক্রান্ত সহায়তা এবং অন্যান্য নাগরিক সেবা সহজ করতে একাধিক মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে।


আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে বিদেশে কর্মরত বিএমইটির বহির্গমন ছাড়পত্রধারী কোনো বাংলাদেশি কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দ্রুত দেশে আনা, বিমানবন্দরে গ্রহণ, স্বজনদের কাছে হস্তান্তর, দাফন সহায়তা এবং আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।


আলোচনা সভায় কেন্দ্রীয় বিএনপি ও অস্ট্রেলিয়া বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য দেন। তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের বিভিন্ন দিক, প্রবাসী বাংলাদেশিদের অধিকার এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।


সভায় বক্তারা প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16870
Page of