সিলেটে ‘চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
সিলেট অফিস:
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ‘চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন।
সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কবীর আহমদ সোহেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফয়সাল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সভাপতি অধ্যাপক ডা. শামীমুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সিলেটের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, জাসাস সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বিশিষ্ট চিকিৎসক ও এনডিএফ সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ড. হোসাইন আহমদ, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) এবং সিলেটের রাজপথের সম্মুখসারির জুলাই যোদ্ধা সাবেক ছাত্রনেতা শরীফ মাহমুদ।
সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল।
এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক কবি মুহিত চৌধুরী, এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য ও নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি এবং সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য কাউসার আহমদ, সিন্টু রঞ্জন চন্দ, মুনশী ইকবাল, সিলেট ভয়েস ডটকমের প্রকাশক সেলিনা চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার সুবর্না হামিদ, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরোর ফটোসাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, সাংবাদিক মুহিবুর মিসলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস-উন-নূর বলেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ দেড় হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করে ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না। সরকারের সদিচ্ছা থাকলেও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা দোসরদের কারণে জাতীয় প্রত্যাশা বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধান আলোচক অধ্যাপক ডা. শামীমুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা বা ৩৬ দিনের আন্দোলনের ফল নয়; এটি দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পরিণতি। তিনি বলেন, প্রত্যাশা ও প্রাপ্তির পূর্ণ মূল্যায়নের জন্য আরও কিছু সময় প্রয়োজন। কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে জাতীয় ঐক্য ও সবার সহযোগিতা অপরিহার্য।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জুলাইয়ের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্যের স্বার্থে জামায়াতে ইসলামী যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের জঞ্জাল দূর করতে কিছুটা সময় প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, শহীদ সাংবাদিক তুরাবসহ জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।
সভাপতির বক্তব্যে এসোসিয়েশনের আহ্বায়ক কবীর আহমদ সোহেল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, আহতদের সুচিকিৎসা এবং জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে বিভক্তি ও সংঘাত জাতির অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।