জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণের আহ্বান জকিগঞ্জে উপজেলা প্রশাসনের আলোচনা সভা, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও আদর্শ তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আলী। পরে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ আবদুল আহাদ, উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দীন, উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল মুসাব্বির, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ এবং উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি শিহাব উদ্দিন।
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন আব্দুল মালেক, আশরাফুজ্জামান রাদি, আনহার হোসাইন, মাহফুজ আহমদ ও পারভেজ মোশাররফ পাবেল। তাঁরা আন্দোলনের নানা স্মৃতিচারণ করে বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই সাধারণ মানুষ জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলেন। তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয়; এটি ছিল ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এক ঐতিহাসিক গণজাগরণ। এ আন্দোলনের শিক্ষা ও আদর্শ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সভায় আরও বলা হয়, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও আইনের শাসন সুদৃঢ় করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী কাওসার রশীদ বাহার, বাংলাদেশ খেলাফত মজলিসের জকিগঞ্জ পৌর সভাপতি মাওলানা মোস্তাফা আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে. এম. মামুন, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ শাকির, নির্বাহী সদস্য সাইফুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
আলোচনা সভার সমাপনীতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তাঁদের স্বপ্নের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।