logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৯ জুলাই ২০২৬ ১২:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডের সন্দেহ, তদন্তে পুলিশ

সুনামগঞ্জে সেফটি ট্যাংকির ভেতর থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ জুলাই ২০২৬ ১২:৫১ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ জুলাই ২০২৬ ১২:৫১ অপরাহ্ন
সুনামগঞ্জে সেফটি ট্যাংকির ভেতর থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে সেফটি ট্যাংকির ভেতর থেকে আট মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনক অবস্থায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


সোমবার দুপুরে খবর পেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম-এর নেতৃত্বে এসআই মোহন দাসসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সেফটি ট্যাংকির ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।


নিহত শিশুর নাম আমির হামজা (৮ মাস)। সে লালপুর গুচ্ছগ্রামের বাসিন্দা সাব্বির হোসেন-এর ছেলে।


ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের মণির হোসেন (৩০), জাহাঙ্গীর আলম (৩৭), রাবেয়া বেগম (৫৫) এবং আফিয়া বেগম (৩৫)-কে পুলিশ হেফাজতে নিয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটির মা সাবিকুন নাহার শিশুকে তার বাবার কাছে ঘুমন্ত অবস্থায় রেখে শ্বশুরবাড়িতে যান। সকাল ৭টার দিকে শিশুটির বাবা সাব্বির হোসেন ঘুম থেকে উঠে বিছানায় সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।


একপর্যায়ে স্থানীয় বাসিন্দা নাঈম মিয়া সেফটি ট্যাংকির কাছে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।


পুলিশের প্রাথমিক ধারণা, আটক চারজনের সঙ্গে শিশুটির বাবা সাব্বির হোসেনের পূর্ববিরোধ থাকায় এ ঘটনার সঙ্গে সেই বিরোধের যোগসূত্র থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।


এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম বলেন, ঘটনার পর সন্দেহজনক অবস্থায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির পিতা অভিযোগ দায়ের করলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16643
Page of