বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভার্ড (Voluntary Association for Rural Development)-এর এলআরপি-৪৩ প্রকল্পের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প (আই ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে মোট ২৩৫ জন চক্ষুরোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৯১ জন পুরুষ এবং ১৪৪ জন নারী ছিলেন।
ক্যাম্পে প্রাথমিক চক্ষু চিকিৎসার পাশাপাশি ৩১ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়, ৩৫ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়, ৮০ জনকে বিনামূল্যে চশমা এবং ১২৩ জনকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
ক্যাম্প পরিদর্শন করেন বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহানা খাতুনসহ ভার্ড এলআরপি-৪৩ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে অতিথিরা রোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মানের প্রশংসা করেন। পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ভার্ড ও একশনএইড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন এবং হাসপাতালের মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন। পুরো কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সমন্বয় করেন এলআরপি-৪৩ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম।