logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৬ জুলাই ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ জুলাই ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ জুলাই ২০২৬ ০৪:৫৫ অপরাহ্ন
হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদেশগামী প্রবাসী কর্মীদের জরুরি আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজধানীর আশকোনাস্থ হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


রবিবার (২৬ জুলাই ২০২৬) সকালে রাজধানীর আশকোনাস্থ হজ্জ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে এবং ধর্মমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ আবাসন ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।


মন্ত্রী বলেন, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালিত ওয়েজ আর্নার্স সেন্টার-এ ৪৯ জনের আবাসনের ব্যবস্থা রয়েছে। তবে যেকোনো সংকটকালীন পরিস্থিতি কিংবা আকস্মিক ফ্লাইট বাতিল বা বিলম্বের কারণে প্রবাসীদের দুর্ভোগ কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হজ্জ ক্যাম্পে আরও ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি শয্যা থাকবে।


তিনি আরও জানান, এ উদ্যোগের সার্বিক অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।


পরিদর্শনকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “বর্তমান সরকার প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। যুদ্ধবিগ্রহ, বৈরী আবহাওয়া কিংবা অন্য যেকোনো কারণে অনেক সময় ফ্লাইট বিলম্ব বা বাতিল হয়। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে প্রবাসীরা আবাসন সংকটে পড়েন। হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার এই আবাসন ব্যবস্থা তাদের দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে এবং বিদেশগামী কর্মীদের জন্য একটি নিরাপদ ও মানবিক সহায়তা নিশ্চিত করবে।”


পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ্জ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16590
Page of