বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি |
সিলেটের বিশ্বনাথ উপজেলায় শাহ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা ও পৌর এলাকার ১৫টি অসহায়, গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত শাহ ফাউন্ডেশনের কার্যালয়ে এ চিকিৎসা সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল মুতাকিন, শাহ লায়েক, জামিল আহমদ, শিবলু মিয়া, দুলাল মিয়াসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে মুঠোফোনে বক্তব্য দেন শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম। তিনি বলেন, মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই শাহ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরে নীরবে এলাকার অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও সমর্থন পেলে শাহ ফাউন্ডেশনের সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও সম্প্রসারণ করা হবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করা সম্ভব হবে।