logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১২ জুলাই ২০২৬ ০১:৩৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কুশিয়ারার পানির তোড়ে জগন্নাথপুরে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজারো মানুষ

চ্যানেল জৈন্তা নিউজ ১২ জুলাই ২০২৬ ০১:৩৭ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১২ জুলাই ২০২৬ ০১:৩৭ পূর্বাহ্ন
কুশিয়ারার পানির তোড়ে জগন্নাথপুরে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজারো মানুষ

জগন্নাথপুর (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের তোড়ে একটি গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে পড়ায় কয়েকটি গ্রামের সঙ্গে উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ-রৌয়াইল সড়কের বালিশ্রী আফতাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের একটি অংশ নদীর পানির তোড়ে ভেঙে যায়। এর ফলে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।


গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানান।


সড়কটি ভেঙে যাওয়ায় রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী, রৌয়াইল, হিলালপুর, টেংরাখালি, মেঘেরকান্দি, হরিনাকান্দি, হলিমপুর, ইসলামপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের একমাত্র সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় কাজ, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য জরুরি প্রয়োজনে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।


বালিশ্রী গ্রামের বাসিন্দা ও উমর উল্যাহ অ্যান্ড মালা ফাউন্ডেশনের পরিচালক আশরাফুল হক বলেন, “সড়কটি আমাদের এলাকার মানুষের উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের প্রধান মাধ্যম। এটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চরম বিপাকে পড়েছেন। আমরা দ্রুত সড়কটি মেরামতের দাবি জানাচ্ছি।”


স্থানীয় সমাজসেবক মো. জিয়াউল হক ও মো. মন্নান মিয়া বলেন, “সড়কটি ভেঙে যাওয়ায় এখন উপজেলা বা জেলা সদরে যেতে হলে পাশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা হয়ে ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ—দুটোরই অতিরিক্ত ব্যয় হচ্ছে।”


এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, “জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত অংশটি সাময়িকভাবে মেরামত করে যান চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16408
Page of