ভিত্তিহীন অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানালো জৈন্তাপুর প্রেসক্লাব
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি কাগজের ছবি ছড়িয়ে কয়েকজন ব্যক্তির নামের পাশে বিভিন্ন অঙ্কের টাকা উল্লেখ করে নানা ধরনের মন্তব্য ও ব্যাখ্যা প্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জৈন্তাপুর প্রেসক্লাব। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১১ জুলাই ২০২৬) জৈন্তাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই কাগজে উল্লেখিত টাকার উৎস, উদ্দেশ্য, কে কাকে দিয়েছে, কেন দিয়েছে কিংবা এর পক্ষে কোনো গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি। ফলে এ ধরনের ভিত্তিহীন ও মনগড়া তথ্য প্রচার ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। আজ একজনের নাম ব্যবহার করে অপপ্রচার চালানো হলে, আগামীতে একইভাবে অন্য যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও জড়িয়ে দেওয়া হতে পারে, যা সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বিশ্বাসের জন্য ক্ষতিকর।
বিবৃতিতে আরও বলা হয়, দায়িত্বশীল নাগরিক হিসেবে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।
জৈন্তাপুর প্রেসক্লাব জানায়, যদি কারও কাছে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য বা সাধারণ সদস্যের বিরুদ্ধে অবৈধ সুবিধা গ্রহণের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকে, তাহলে তা যথাযথ প্রমাণসহ প্রেসক্লাবের কাছে উপস্থাপন করার অনুরোধ জানানো হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবৃতিতে প্রেসক্লাব আরও উল্লেখ করে, জৈন্তাপুর প্রেসক্লাব কোনো একক ব্যক্তির সংগঠন নয় এবং কারও দয়া বা অনুগ্রহে প্রতিষ্ঠিত হয়নি। মূলধারার গণমাধ্যমকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা এবং স্থানীয় মানুষের সহযোগিতায় ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি সাংবাদিকতার নীতি ও পেশাগত দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।
ইন্তাজ আলী চেয়ারম্যান-সংক্রান্ত প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ঘটনাটি ইতোমধ্যে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেননি—এমন প্রচারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাংবাদিকতার দায়িত্ব হলো নিরপেক্ষভাবে তথ্য ও ঘটনা জনগণের সামনে তুলে ধরা। কোনো ব্যক্তি বা ঘটনার পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকের দায়িত্ব নয়; বরং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য, প্রতিবাদ বা কর্মসূচি থাকলে তা বস্তুনিষ্ঠভাবে সংবাদ হিসেবে প্রকাশ করাই সাংবাদিকতার নৈতিক দায়িত্ব।
প্রেসক্লাবের দাবি, এ ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো সংগঠন বা সম্মিলিত উদ্যোগে আনুষ্ঠানিক প্রতিবাদ কর্মসূচি তাদের নজরে আসেনি। ফেসবুকভিত্তিক প্রচারণার পরিবর্তে আইনসম্মত ও প্রকাশ্য কর্মসূচি গ্রহণ করা হলে সাংবাদিকরা তা পেশাগত দায়িত্ববোধ থেকে যথাযথভাবে প্রচার করতে প্রস্তুত রয়েছেন।
পরিশেষে, ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে পারে—এমন ভিত্তিহীন অপপ্রচার, গুজব ও মনগড়া তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছে জৈন্তাপুর প্রেসক্লাব।