ছাতকে ২৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের পরিদর্শনে এমপি মিলন, শিগগিরই শুরু হচ্ছে ফোরলেন সড়কের কাজ
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক পৌর এলাকায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিভাইডারসহ ফোরলেন সড়ক নির্মাণ এবং সিলেট-ছাতক-দোয়ারাবাজার সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছাতক বাজার পর্যন্ত ১৬৬ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পসহ মোট ২৬৬ কোটি টাকার উন্নয়নকাজ শিগগিরই শুরু হচ্ছে।
বৃহস্পতিবার প্রকল্পের উন্নয়নকাজের স্থান পরিদর্শন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
পরিদর্শনকালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী (সওজ-ছাতক) শাহাদাৎ হোসেন, সুনামগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী সাজিদুর রহমানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, প্রকল্পটি দ্রুত টেন্ডার প্রক্রিয়ার আওতায় এনে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, ছাতক পৌরসভার অভ্যন্তরে সৌন্দর্যবর্ধনসহ প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিভাইডারসহ ফোরলেন সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত সড়ক প্রশস্তকরণে ১৬৬ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
এছাড়া ছাতক-দোয়ারাবাজার এলাকার উন্নয়নে দুটি সেতু নির্মাণসহ আরও প্রায় ২৫০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।