logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০২ জুলাই ২০২৬ ০১:০২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরির বিকল্প নেই’

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুলাই ২০২৬ ০১:০২ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুলাই ২০২৬ ০১:০২ অপরাহ্ন
বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরির বিকল্প নেই’

ঢাকা, ১ জুলাই:

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় শীর্ষ অবস্থানে নিতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরির কোনো বিকল্প নেই। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং টেক্সটাইল খাতকে বিশ্ববাজারে আরও শক্তিশালী অবস্থানে নিতে এ খাতের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এর ৫২তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, বুটেক্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের টেক্সটাইল খাতের নেতৃত্ব দেবে। তিনি বলেন, বাংলাদেশকে তৈরি পোশাক খাতে বিশ্বের সেরা রপ্তানিকারক দেশের অবস্থানে নিয়ে যেতে হলে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান আরও উন্নত করতে হবে।


আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এবং রপ্তানি খাতে আরও এগিয়ে যেতে এখন থেকেই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।


ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে, বিশেষ করে কারিগরি শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার উন্নয়নের কোনো বিকল্প নেই।


তিনি জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার মিডডে মিল এবং বিনামূল্যে স্কুলড্রেস চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি শিক্ষাকে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


মন্ত্রী আরও বলেন, ২০২৭ সালের কারিকুলাম পরিমার্জন এবং ২০২৮ সালে নতুন কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে কাজ চলছে। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যাতে সময়ের অপচয় না হয়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। কারণ শিক্ষাজীবনে সময় নষ্ট হলে দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড-এর সম্ভাবনা ব্যাহত হতে পারে।


বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জি. সানজিদা ইসলাম এবং এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জি. শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।


অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এর ৫২তম ব্যাচের ৬৩০ জন নবীন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16257
Page of