logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৭ জুন ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকুন, কৃষকদলের কমিটিতে অনুপ্রবেশ বরদাশত করা হবে না’

জকিগঞ্জে শফিকুর রহমানের প্রত্যাবর্তন, কর্মিসভায় ঐক্য ও শৃঙ্খলার আহ্বান

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুন ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ জুন ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
জকিগঞ্জে শফিকুর রহমানের প্রত্যাবর্তন, কর্মিসভায় ঐক্য ও শৃঙ্খলার আহ্বান

জকিগঞ্জ (সিলেট):


শোকজের জবাব সন্তোষজনক বিবেচনায় সাংগঠনিক সিদ্ধান্তে সাময়িক অব্যাহতি প্রত্যাহারের পর প্রথমবারের মতো দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মিসভা করেছেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান। কর্মিসভায় তিনি দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করে বিএনপির বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয়তাবাদী কৃষকদলের বিভিন্ন ইউনিটের কমিটিতে আওয়ামী লীগের সদস্যদের অন্তর্ভুক্তির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে এমন কমিটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।


শুক্রবার (২৬ জুন) বাদ আসর জকিগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়। সাময়িক অব্যাহতি প্রত্যাহারের পর এটিই ছিল শফিকুর রহমানের নেতৃত্বে প্রথম আনুষ্ঠানিক দলীয় সমাবেশ। এ কারণে সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মিসভায় অংশ নেন।


সভাপতির বক্তব্যে শফিকুর রহমান বলেন, “দলকে দুর্বল করার জন্য অতীতেও নানা ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমাদের সবাইকে দলের আদর্শ ধারণ করে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে একযোগে কাজ করতে হবে।”


তিনি বলেন, “শুনেছি জাতীয়তাবাদী কৃষকদলের কমিটিতে আওয়ামী লীগের সদস্যদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিষয়টি সত্য হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক। যারা দীর্ঘদিন বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের দলে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হলে তা দলের জন্য ক্ষতিকর হবে। এ ধরনের কমিটি হয়ে থাকলে তা অবিলম্বে প্রত্যাহার করা উচিত এবং বিষয়টি দলীয়ভাবে গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।”


বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিগত মতভেদ ভুলে সবাইকে দলের স্বার্থে কাজ করতে হবে।”


তিনি আরও জানান, আগামী জাতীয় বাজেট কার্যকর হওয়ার পর জকিগঞ্জ সদরে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বৃহৎ কর্মীসভার আয়োজন করা হবে। ওই কর্মীসভায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতাদের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।


উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শামনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য হিফজুর রহমান।


সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি চেরাগ আলী, জেলা যুবদলের সহ-সভাপতি শাহীন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইছ।


এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মিসভায় উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক ঐক্য এবং তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16206
Page of