লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুর পর প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু মিয়া (৭৯) নামে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার দিনভর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু মিয়া মারা যান। নিহতের পরিবারের দাবি, পূর্বের মারামারিতে পাওয়া আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাচ্চু মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার দফায় দফায় তাঁর গোষ্ঠীর লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। আইনি জটিলতা ও গ্রেপ্তার এড়াতে প্রতিপক্ষের বাড়িগুলো আগে থেকেই পুরুষশূন্য ছিল বলে স্থানীয়রা জানান।
এ সুযোগে হামলাকারীরা ১০ থেকে ১৫টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরে থাকা সোনা-গহনা, গরু-ছাগলসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শন করে তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন। তিনি বলেন, "একটি মৃত্যুকে কেন্দ্র করে পুরুষশূন্য বাড়িঘরে যারা এই বর্বর লুটপাট ও ভাঙচুর চালিয়েছে, তা খুবই দুঃখজনক। আমি সরেজমিনে দেখে নিজেও খুব মর্মাহত হয়েছি। এগুলো মানুষের কাজ হতে পারে না।"