logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২৫ জুন ২০২৬ ০৪:৩০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট, বর্জ্য থেকেই মিলবে জ্বালানি

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ জুন ২০২৬ ০৪:৩০ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ জুন ২০২৬ ০৪:৩০ অপরাহ্ন
সিলেটে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট, বর্জ্য থেকেই মিলবে জ্বালানি

সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ‘বায়োড্রায়িং প্ল্যান্ট’ স্থাপন করা হচ্ছে। উন্নত প্রযুক্তিনির্ভর এই প্ল্যান্ট বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।


মঙ্গলবার বিকেলে নগরভবনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রকল্পটির অগ্রগতি, সম্ভাবনা ও কার্যপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় সভাপতির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব করে তুলতে আমরা এই বায়োড্রায়িং প্ল্যান্ট স্থাপন করতে চাই। এটি বর্জ্যকে জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে একটি বৃত্তাকার অর্থনীতি (Circular Economy) গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।”


বিশেষজ্ঞরা জানান, বায়োড্রায়িং হলো বর্জ্য ব্যবস্থাপনার একটি অত্যাধুনিক প্রযুক্তি। সাধারণত শহরের বর্জ্যের প্রায় ৭০ শতাংশই জৈব উপাদান এবং এতে প্রচুর পরিমাণ পানি থাকে। ফলে প্রচলিত ‘ইনসিনেরেশন’ বা বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতিতে এসব আর্দ্র বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যয়বহুল ও জটিল হয়ে পড়ে।


বায়োড্রায়িং প্রযুক্তিতে অণুজীবের প্রাকৃতিক বিপাকীয় তাপ এবং নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহ ব্যবহার করে গৃহস্থালি বর্জ্য, স্যুয়ারেজ স্লাজ ও কৃষিজ বর্জ্যের অতিরিক্ত আর্দ্রতা দ্রুত অপসারণ করা হয়। এর ফলে বর্জ্য জ্বালানি হিসেবে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে, যা বাংলাদেশের বাস্তবতায় অত্যন্ত কার্যকর ও সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।


মতবিনিময় সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস এবং নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন।


এছাড়া লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে হেড অব জিও সাইকেল লতিফুর রহমান, জেনারেল ম্যানেজার সরকার সোয়েব আহমেদ এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তামরিন চৌধুরী সভায় অংশ নেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16167
Page of