শ্রীমঙ্গলে লোকালয় থেকে উদ্ধার দুই অজগর, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৃথক দুটি লোকালয় থেকে দুটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
রোববার (২১ জুন) উপজেলার বরুণা হাজীপুর গ্রামের বাসিন্দা আউয়াল মিয়া পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলেন। পরে জাল তোলার সময় একটি অজগর সাপ ধরা পড়ে। বিষয়টি তিনি বাইক্কাবিল মৎস্য অভয়াশ্রম রক্ষা কমিটির সভাপতি মিন্নত আলীকে জানান। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
একই দিনে উপজেলার কাকিয়াবাজার এলাকায় তপু দেবনাথ নামের এক ব্যক্তি বাড়ির পাশের ফসলি জমিতে জমে থাকা পানিতে মাছ ধরার সময় আরও একটি অজগর সাপ দেখতে পান। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সাপ উদ্ধার করতে গেলে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, কয়েকদিন ধরে তাদের বাড়ি থেকে কবুতর, হাঁস-মুরগিসহ গৃহপালিত প্রাণী নিখোঁজ হচ্ছিল। তারা ধারণা করেছিলেন বনবিড়াল বা শিয়াল এসব প্রাণী নিয়ে যাচ্ছে। তবে অজগর সাপটি উদ্ধারের পর তাদের ধারণা হয়, সাপটিই এসব প্রাণী খেয়ে থাকতে পারে।
উদ্ধারের পর দুটি অজগর সাপ শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।