বিশ্ব পরিবেশ দিবসে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট: বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব বালাই সচেতনতা দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
‘দ্য গ্রীন ইভোলুশন’ প্রকল্পের উদ্যোগে এবং জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়েল্টহাঙ্গারহিলফি (Welthungerhilfe)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো রাসায়নিক ও নিষিদ্ধ সার-কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জৈব সার ও বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি করা।
বুধবার (১০ জুন) সকালে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে নিম, মেহগনি, আতা ও তুঁতসহ বিভিন্ন উপকারী গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চারা বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকেরা এসব চারা নিজ বসতভিটা ও কৃষিজমিতে রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনেও এটি সহায়ক হবে।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্য, এফআইভিডিবির প্রকল্প কর্মকর্তা এবং ‘দ্য গ্রীন ইভোলুশন’ প্রকল্পের অংশীদার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। বক্তারা টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব কৃষি পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।