প্রজ্ঞাপন জারি, বাড়ল ডিজেল-পেট্রোলের দাম
দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ১ জুন ২০২৬ থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
রোববার (৩১ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা প্রতি লিটার। এছাড়া অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে জারিকৃত স্মারকের আলোকে মূল্য সমন্বয় করে নতুন খুচরা মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
সংযোজনী-ক অনুযায়ী, ভোক্তা পর্যায়ে নির্ধারিত খুচরা মূল্য (ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে) হলো—
- ডিজেল: ১১৫ টাকা প্রতি লিটার
- কেরোসিন: ১৩৫ টাকা প্রতি লিটার
- অকটেন: ১৪৫ টাকা প্রতি লিটার
- পেট্রোল: ১৪০ টাকা প্রতি লিটার
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডিপোর প্রথম ৪০ কিলোমিটারের অতিরিক্ত দূরত্বে সড়কপথে ট্যাংকলরির মাধ্যমে জ্বালানি তেল পরিবহনের ভাড়া ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা পৃথক প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারণ করা হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক।